হরতালে সবজি ও মুরগির দাম কম
হরতালের কারণে দিনাজপুরে সবজিচাষি ও মুরগির খামারিরা বিপাকে পড়েছেন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দিনাজপুর থেকে সবজি ও মুরগি দেশের বিভিন্ন জেলায় যায়। কিন্তু হরতালের কারণে যেতে পারছে না। ফলে দাম অনেক কমে গেছে।
গতকাল সোমবার জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার বাহাদুর বাজারে গিয়ে দেখা গেছে, এক পাল্লা (পাঁচ কেজি) ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০০ টাকা পাল্লা দরে।
পাইকারি বাজারের আড়তদার আবদুল গাফফার জানান, এক দিন আগেও ফুলকপির পাল্লা ছিল ১০০ টাকা আর বাঁধাকপি ছিল ১৫০ টাকা। হরতালের কারণে ক্রেতারা বাজারে আসতে পারছেন না। যানবাহন বন্ধ থাকায় সবজি বাইরের জেলাতেও যেতে পারছে না। এ কারণে দাম কমে গেছে বলে জানান তিনি।
পাইকারি বাজারে বেগুন বিক্রি হতে দেখা গেছে ১০০ টাকা পাল্লা দরে। হরতালের আগে বিক্রি হয়েছে ১৪০ টাকা পাল্লা। হরতালের আগে প্রতি পাল্লা মুলা ৭০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বিক্রি হয়েছে ৪০ টাকায়। আগে ১৩০ টাকা পাল্লা দরে বরবটি বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ১০০ টাকায়।
আড়তদার বাদশা মিয়া বলেন, হরতালের কারণে সবজির বাজারে ধস নেমেছে। চাষিরা দাম পাচ্ছেন না। সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের সবজিচাষি আলতাফ হোসেন জানান, তাঁর নিজের জমি নেই। ১২ হাজার টাকায় এক বিঘা জমি বর্গা নিয়ে অর্ধেক জমিতে বেগুন আর বাকি জমিতে শিম চাষ করেছেন। খরচ হয়েছে ৫০ হাজার টাকা। বেগুন উঠতে শুরু করেছে। শিম ধরেছে। কিন্তু ঘন ঘন হরতালের কারণে পাইকারি ৩০ টাকা কেজির বেগুন ২০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
অপর দিকে হরতালের কারণে বাজারে সব ধরনের মুরগি ও ডিমের দাম কমে গেছে। হরতালের আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১১০-১২০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বাহাদুর বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি পাইকারি ৮০ টাকা এবং খুচরা ৯৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
বাজারের ডিম বিক্রেতা মো. নাসিম বলেন, কোরবানি ঈদের আগে ফার্মের মুরগির ডিমের হালি ছিল ২৮ থেকে ৩০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। সদর উপজেলার মোহনপুর গ্রামের ব্রয়লার মুরগির খামারি রশিদুল ইসলাম জানান, ২৮ থেকে ৩০ দিন বয়স হলে ব্রয়লার মুরগি বিক্রি করতে হয়। ঘন ঘন হরতাল আর রাজনৈতিক অস্থিরতার কারণে ব্রয়লার মুরগি ও ডিম বাইরের জেলায় যেতে পারছে না। ফলে বাজারে দাম কমে গেছে। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারমালিকেরা।