হরতালে সহিংসতায় মৃত্যু হলে আহ্বানকারীদের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হরতালে সহিংসতায় মৃত্যু হলে আহ্বানকারীদের বিরুদ্ধে মামলা করার পদক্ষেপ নেওয়া হবে। তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও হত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করা হবে।
আজ সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, হরতাল আহ্বানকারী ও তাদের সাঙ্গোপাঙ্গদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩০৪ ও ৩০৭ ধারায় মামলা করার পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে সরকারদলীয় কয়েকজন সাংসদ হরতালে মৃত্যুর ঘটনায় হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে কি না, তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।
সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। খালেদা জিয়া খুনের আসামি। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন। মামলা করবেন কি না?’
মহীউদ্দীন খান বলেন, বিরোধী দল বিদেশি প্রভুদের নির্দেশে হরতাল করছে। তাদের দাবি অযৌক্তিক। এসব হরতালে নিরপরাধ মানুষের মৃত্যুর কারণে আহ্বানকারীদের বিরুদ্ধে হত্যা প্ররোচনার মামলা করা যায়।
সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা: আজ সরকারদলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানান। পাবনার সাঁথিয়ায় হিন্দু পরিবারের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। একটি পত্রিকার উদৃ্লতি দিয়ে তিনি বলেন, ‘বাবুল সাহা ধনী হিন্দু। এ জন্য তাঁকে শাস্তি  দেও। এভাবে চলতে পারে না।’
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। রামু, চাঁদপুর ও সাঁথিয়ার পর আর যেন এমন ঘটনা না ঘটে সে জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।