হরতালে সারা দেশে ৫২ যান ভাঙচুর, আটক ১৬৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোট গতকাল বৃহস্পতিবার আধা বেলা হরতালের কর্মসূচি পালন করেছে। এতে সারা দেশে ৫২টি যানবাহন ভাঙচুর, তিনটিতে অগ্নিসংযাগ ও ২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় দুজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১১৪ জনকে আটক ও ৫০ জনকে গ্রেপ্তার করেছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা ও আমতলী: আমতলীর বাঁধঘাট ও হাসপাতাল সড়কে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং চারটি কাঁদানে গ্যাসের শেল ও দুটি রাবার বুলেট ছোড়ে। শ্রমিক দলের আহত কর্মীকে হাসপাতালে নেওয়ার পথে ছাত্রলীগের কর্মীরা অ্যাম্বুলেন্সে হামলা ও চালককে মারধর করেন। বিএনপি-জামায়াতের সাতজনকে আটক করেছে পুলিশ।বগুড়া: ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে যুবদলের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, কমপক্ষে ১২টি ককটেল বিস্ফোরণ এবং পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের মধ্য দিয়ে বগুড়ায় হরতাল পালিত হয়েছে। এতে দুুজন অতিরিক্ত পুলিশ সুপারসহ আটজন আহত হয়েছেন। এর আগে সকালে পিকেটাররা একটি ওষধ কোম্পানির গাড়ি ভাঙচুর করেন।খুলনা: সকালে পিকেটাররা নগরের পিটিআই মোড়ে একটি ও টুটপাড়ার মোড়ে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা নগরের বাইপাস সড়কে একটি বেবিট্যাক্সিতে আগুন ধরিয়ে দেন। এখানে ১১ জনকে আটক করেছে পুলিশ।রাজশাহী: ভোরে হরতাল-সমর্থকেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বাসে আগুন দেন। বেলা সাড়ে ১১টার দিকে বিসিক শিল্প এলাকায় পিকেটাররা তিনটি ট্রাক ভাঙচুর করেন। ২২ জনকে আটক করেছে পুলিশ।সিরাজগঞ্জ: পৌর শহরের কাঠেরপুল এলাকায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতের নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।নোয়াখালী: শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পিকেটাররা এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যানের কাচ ভাঙচুর করেন। দত্তেরহাট, মাইজদী বাজারসহ প্রায় অর্ধশতাধিক এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন পিকেটাররা। সাতক্ষীরা: পিকেটাররা দুটি যাত্রীবাহী বাসসহ তিনটি গাড়ি ভাঙচুর করেছেন। পুলিশ জামায়াত-শিবির ও বিএনপির সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।কুড়িগ্রাম: বিএনপির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ এসে নিভিয়ে দেয়। এ সময় পুলিশ ও পিকেটারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।ভোলা: ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট ও ব্যাপারীর দোকান এলাকায় পিকেটাররা পাঁচটি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছেন। এ সময় ১১ জন আহত হন। পুলিশ ১৫ জনকে আটক করেছে।কক্সবাজার: সকালে পিকেটিংয়ের সময় পাঁচজনকে এবং দুপুরে কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া, পেকুয়াসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।লালমনিরহাট: আদিতমারী থানার এসআই সহিদুল ইসলামের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন হরতালকারীরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ: বুধবার মুকসুদপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অশোক সাহাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।মৌলভীবাজার: বড়লেখা উপজেলা সদরে একটি পুলিশ ভ্যান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।ব্রাহ্মণবাড়িয়া: শহরের রেলগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন স্থান থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা মনু ব্যাপারীর ঢাল এলাকায় সাতটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় চার-পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন আটক হয়েছেন।নবাবগঞ্জ: বিভিন্ন স্থানে তিনটি গাড়ি ভাঙচুর ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন পিকেটাররা। এ সময় রাস্তায় এক রোগীর গাড়ি আটকে দিলে সেখানে তাঁর মৃত্যু হয়। বিভিন্ন স্থানে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।গাজীপুর: সকালে কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়ক (সাহেববাজার) এলাকায় হরতাল-সমর্থকেরা গাড়ি ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৩ জন হরতাল-সমর্থককে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ: প্রায় ২৫টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখেন। জেলার বিভিন্ন স্থান থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এছাড়া চাঁদপুর শহরের বিভিন্ন স্থান থেকে আটজন, সুনামগঞ্জের জগন্নাথপুরে শিবিরের এক নেতা ও সিলেটের বিশ্বনাথে একজনকে আটক করেছে পুলিশ।