হরতালে সাড়া মেলেনি
দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালে তেমন সাড়া মেলেনি। দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে গতকাল বৃহস্পতিবার এই হরতালের ডাক দেয় দলটি।ভোর থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডসহ সব সড়কে অন্য দিনের মতো রিকশা ও ইজিবাইক স্বাভাবিক চলাচল করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ব্যাংক-বিমার কার্যক্রমও স্বাভাবিক ছিল। রাজবাড়ীর গোয়ালন্দে কোনো পিকেটারকে দেখা যায়নি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। সাতক্ষীরায় সকাল থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রাকসহ মাঝারি ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়ি ভাঙচুর করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নীলফামারীতে হরতালের সমর্থকেরা মাঠে ছিল না। শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরের গণজাগরণ মঞ্চে তরুণ প্রজন্ম সকাল থেকে অবস্থান নিয়ে হরতালবিরোধী স্লোগান তুলে প্রতিহতের আহ্বান জানায়। পাবনার সড়কগুলো সকাল থেকে ছিল হরতালবিরোধীদের দখলে। কুড়িগ্রামের উলিপুর শহরের দোকানপাট খোলা ছিল। সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নেত্রকোনায় অফিস-আদালতে উপস্থিতি পর্যাপ্ত ছিল। যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।