হরতালে সীতাকুণ্ডে সবজি নিয়ে বিপাকে কৃষক ও পাইকারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালে সীতাকুণ্ডে পাইকারি ক্রেতা সংকটে সবজির দাম পাচ্ছে না কৃষকেরা। অন্যদিকে পাইকারেরা সস্তা দামে সবজি কিনেও গাড়ির সংকটে বিপাকে পড়েছেন।

এদিকে দুই দিনের হরতালে সবজি সরবরাহ করতে না পাড়ায় গরমের কারণে কোনো কোনো কাঁচা সবজিতে পচন শুরু হয়েছে বলে পাইকারেরা জানিয়েছেন। অন্যদিকে কৃষকেরা সস্তা দামে বিক্রি করলেও খুচরা ক্রেতাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। পাইকারেরা বলছেন, দ্বিগুণের বেশি গাড়ি ভাড়া দিয়ে সবজি নিতে হয়। আছে পচনের ক্ষতি। সব মিলিয়ে খুচরা বাজারে দাম একটু বেশি পড়বেই।

সীতাকুণ্ডে সবজির বড় বাজার রয়েছে চারটি। বাজারগুলো হলো বড় দারোগাহাট, সীতাকুণ্ড বাজার, শুকলালহাট ও কুমিরা। গতকাল বুধবার সীতাকুণ্ডের সবজির বড় বাজার শুকলালহাট বাজার ঘুরে দেখা যায়, স্থানীয় কৃষকেরা ঢ্যাঁড়স, বরবটি, ঝিঙে, চিচিঙ্গা, জালি কদু, কাঁকরোল, তিতা কড়লাসহ নানা রকমের সবজি নিয়ে বাজারে এলেও সকাল থেকে পাইকারি ক্রেতার তেমন দেখা নেই। বেলা সাড়ে ১০টার পর থেকে হাতেগোনা কয়েকজন পাইকার এলেও যাতায়াতের অসুবিধায় তাঁরা সবজির ভালো দাম বলছেন না। নষ্ট হয়ে যাওয়ার ভয়ে একরকম বাধ্য হয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন। কৃষকেরা জানিয়েছেন, হরতাল অব্যাহত থাকলে খেতের সবজি খেতে পচে যাবে। না খেয়ে মরতে হবে তখন।

সীতাকুণ্ডের ভাটেরখিল এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, কেজিপ্রতি ঢ্যাঁড়স দুই টাকা, পটোল ছয় টাকা, ঝিঙে পাঁচ টাকা, তিতা করলা ১৫ টাকা, জালি কদু ১৫ টাকা, চিচিঙ্গা ১২ টাকা হারে বিক্রি হচ্ছে। যা অন্য সময়ের তুলনায় অর্ধেকেরও কম।

বাড়বকুণ্ডের কৃষক নুরুল আবছার বলেন, ‘সবজি খেত থেকে তুলে বাজার পর্যন্ত আনতে যে খরচ হয়, বিক্রি করে তাও উঠছে না। চাষের খরচ বাদই দিলাম।’ বড় দারোগাহাট এলাকার পাইকার মো. আলাউদ্দীন বলেন, সবজি কিনতে খরচ কম হলেও তা আড়ত পর্যন্ত নিতে গাড়ি পাচ্ছি না। মালিকেরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন না। দু-একটি নছিমন পাওয়া গেলেও ২০০ টাকার ভাড়া দিতে হচ্ছে এক হাজার ৭০০ টাকা।

নারায়ণগঞ্জ বন্দরের আরেক পাইকার মেহের আলী বলেন, ‘গত মঙ্গলবার ও গতকাল দুই দিনে মিলে ৫০ হাজার টাকার সবজি কিনেছি। কিন্তু গাড়ি পাচ্ছি না। গরমে কিছু কিছু সবজিতে পচন ধরতে শুরু করেছে। রাতেও গাড়ি পাব কি না জানি না।