হরতালে স্কুলে যাওয়ায় শিক্ষিকাকে হত্যা করা হয়েছে: শিক্ষামন্ত্রী

হরতালের দিন টেম্পোতে করে স্কুলে যাওয়ার অপরাধে ইট দিয়ে শিক্ষিকাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শুধু গদির লোভে তাঁরা শিক্ষার্থীদের পরীক্ষা, বই বিতরণ ও খেলাধুলার মাধ্যমে বিকাশ রুদ্ধ করার চেষ্টা করছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত স্কুল ও মাদ্রাসাভিত্তিক ৪৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
২৯ ডিসেম্বর ২০-দলীয় জোটের হরতাল চলাকালে নোয়াখালীতে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে নিহত হন স্কুলশিক্ষিকা শামছুন নাহার। নোয়াখালী শহরের উজ্জ্বলপুর এলাকায় মাইজদী-সোনাপুর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তিনি একটি কাভার্ড ভ্যানে চড়ে স্বামী-সন্তানের সঙ্গে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগতিতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি ঢাকার আগারগাঁওয়ে তাওহীদ ল্যাবরেটরি স্কুলে শিক্ষকতা করতেন। ঢাকায় শিক্ষকতা ছেড়ে রামগতিতে স্থানীয় হাজীগঞ্জ মডেল একাডেমিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন।
মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন তারা সাধারণ মানুষের জীবন ও ছোট ছোট শিক্ষার্থীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে আতঙ্ক সৃষ্টি করে। তবে তাদের অপচেষ্টা সরকার ব্যর্থ করে দিয়েছে। সুষ্ঠুভাবে সারা দেশে জেএসসি পরীক্ষা ও নির্দিষ্ট দিনে বই বিতরণের উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘নতুন প্রজন্মকে পঙ্গু করতেই বিরোধীরা পরীক্ষা ও বই বিতরণের দিন হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়। নিজেদের স্বার্থ হাসিল করতে তারা দেশের নতুন প্রজন্মের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিতে চায়। ’
২০-দলীয় জোটের আন্দোলন ব্যর্থ হিসেবে চিহ্নিত করে শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনে অংশ না নিলে দলে পদ থাকবে না এমন হুমকির পরও নেতা-কর্মীরা আন্দোলনে অংশ নেন না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর মেধাবী নতুন প্রজন্ম গড়ে তুলতে হলে খেলাধুলার মাধ্যমে তাঁদের শারীরিক ও মানসিক বিকাশেরও প্রয়োজন আছে। সে কারণে সরকারিভাবে বছরে দুইবার শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে দেশে এখন নারীরা এগিয়ে যাচ্ছে। মাধ্যমিকে এখন মেয়েদের সংখ্যা বেশি। আগামী দুই বছরের মধ্যে উচ্চ মাধ্যমিকে ও ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের সংখ্যা ছেলেদের সমান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।