
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার, কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর খুনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে জেলা আইনজীবী সমিতির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল রোববার স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। হরতালে শহরের প্রধান সড়ক ছাড়াও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ ছিল। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ পথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলাচল করেনি। বন্ধ ছিল শহরের সব ধরনের দোকানপাট। স্তব্ধ হয়ে গিয়েছিল শহর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে হরতালের সমর্থনে জেলা আইনজীবী সমিতির নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় আইনজীবী সমিতির নেতারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনের বঙ্গবন্ধু সড়কে ব্যারিকেড সৃষ্টি করে বক্তব্য দেন।
সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে পিকেটাররা একটি যানবাহন ভাঙচুর করেন। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারী এলাকার বেশ কয়েকটি পয়েন্টে আইনজীবী ও তাঁদের সহকারীরা হরতালের সমর্থনে মিছিল করেছেন। এ সময় তাঁরা সড়কে বাস রেখে ব্যারিকেড দেন। রেলওয়ে নারায়ণগঞ্জের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল সাতটার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা একটি ট্রেন পিকেটাররা আটকে দেন। এরপর ঢাকা-নারায়ণগঞ্জ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। হরতালকে সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের দাবি, আইনজীবী চন্দন সরকার ও কাউন্সিলরসহ সাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত র্যাব সদস্যদের প্রত্যাহার করলে হবে না। তাঁদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।’
শহরের ২ নম্বর রেলগেট এলাকায় হরতালের সমর্থনে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গণসংহতি আন্দোলন বিক্ষোভ করে। একই জায়গায় পৃথকভাবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ গুম, খুন এবং হত্যাকারীদের বিচারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে সংহতি প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ করে। একই স্থানে পৃথকভাবে জেলা বাসদ ও সিপিবি প্রতিবাদ সমাবেশ করে।
অন্যদিকে হত্যার ঘটনার রহস্য উন্মোচনে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে নগর ভবনের
সামনে সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। সেখানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ কাউন্সিলররা বক্তব্য দেন। মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, একের পর এক হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। কর্মবিরতি পালনকালে সিটি করপোরেশনের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ এই কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে সিটি করপোরেশন জানিয়েছে।
এদিকে হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
নূর হোসেনের দখল করা দোকানপাটে হামলা, ভাঙচুর: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে সাত হত্যা মামলার আসামি নূর হোসেনের অবৈধ দখলকৃত দোকানপাট, অফিসে ভাঙচুর চালিয়েছেন নজরুলের সমর্থকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় নজরুলের সমর্থকেরা শিমরাইল মোড় এলাকায় হাজি বদরুউদ্দিন সুপার মার্কেটে নূর হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। বদরুউদ্দিন সুপার মার্কেটে এবং শিমরাইল মোড়ের ডিএনডি খালের ওপর সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা নূর হোসেনের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়। এ সময় শিমরাইল মোড়ে কাসসাফ মার্কেটে অবৈধভাবে দখল করে রাখা হাসিনা আক্তারের মালিকানাধীন দুটি দোকান ফেলে পালিয়ে যান নূর হোসেনের লোকেরা।