হরতালে স্বাভাবিক ঢাকা

জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল সত্ত্বেও রাজধানী ঢাকায় জীবনযাত্রা ছিল স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন নগরের সড়কগুলোতে যান চলাচল ছিল যথেষ্ট। কোথাও কোথাও যানজট সৃষ্টি হয়েছে রোজকার মতোই। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা ছিল। হরতাল সমর্থকদের মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। তবে হরতালবিরোধী মিছিল করেছেন মিরপুর ও উত্তরা এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মানবতাবিরোধী অপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী এই হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী।
ঢিলেঢালাভাবে হরতাল হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় ছিল। নগরের প্রধান সড়কগুলোতে পুলিশ-র্যা বের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়। বিভিন্ন স্থানে অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয়।
গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে সকালবেলা দূরপাল্লার বাসগুলো ঢাকা ছেড়েছিল। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণবঙ্গের একটি পরিবহন সংস্থার মালিক বলেন, নির্ধারিত সময়ে তাঁদের বাসগুলো ঢাকা ছেড়ে গেছে। তবে যাত্রীসংখ্যা তুলনামূলক কম ছিল।
কমলাপুর রেলস্টেশন থেকে সময়মতো ট্রেনগুলো ঢাকা ছেড়ে গেছে। ভোরবেলা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেনগুলোও সময়মতো রাজধানীতে পৌঁছেছিল। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, রেলপথে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে প্রায় পাঁচ শ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকা মহানগরে হরতালকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটেনি এবং কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) শেখ মারুফ হোসেন সরদার। তবে হরতালকে সফল বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।