হরতালে হামলায় আহত যুবদল নেতার মৃত্যু
খুলনার ডুমুরিয়ায় গত বৃহস্পতিবার হরতাল চলাকালে হামলায় আহত যুবদলের নেতা নাসিম উদ্দিন (৩০) রাতে ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। যুবলীগের কর্মীদের হামলায় তিনি আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে হরতাল সমর্থকদের একটি মিছিল থেকে ডুমুরিয়া বাজারে মো. শাজাহানের হাঁড়ি-পাতিলের দোকান ভাঙচুর করা হয়। ওই ঘটনার কিছু সময় পর পুলিশ বাজারে বিএনপি সমর্থক গাজী আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলামকে (৩৫) আটক করে। এরপর সাইফুলের ভাই নাসিমকে ধরতে যুবলীগ কর্মীরা ধাওয়া করেন। এতে নাসিম দৌড়ে বাঁশের সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে যান। তখন যুবলীগ কর্মীরা তাঁকে বেদম মারপিট করে পুলিশের হাতে তুলে দেন।পুলিশ নাসিমকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এর একপর্যায়ে নাসিম অসুস্থ হয়ে পড়লে বিকেলে আবার তাঁকে ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় নিতে বলেন। এম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় নেওয়ার পথে রাত পৌনে দুইটার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তিনি মারা যান।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা মোশারফ হোসেন বলেন, নাসিম ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি। যুবলীগের কর্মীরা তাঁকে মারপিট করে পুলিশে দিয়েছে। এ ছাড়া তাঁর ভাই সাইফুলকে একটি সাজানো মিথ্যা মামলায় পুলিশ চালান করেছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, পুলিশ হেফাজতে নাসিমকে কোনো প্রকার নির্যাতন করা হয়নি। হরতালের মিছিল থেকে ডুমুরিয়া বাজারে তিনটি দোকান ভাঙচুরের পর যুবলীগ কর্মীরা নাসিমকে ধরে মারপিট করে পুলিশের হাতে দেয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা নেওয়ার পথে তিনি মারা গেছেন। তবে ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জি এম ফারুক হোসেন বলেন, ওই ঘটনার সঙ্গে যুবলীগ জড়িত না।