হরতালেও কাল পাঠ্যপুস্তক দিবস হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও আগামীকাল পয়লা জানুয়ারি সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানান। এই দিনে হরতাল দেওয়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে এই বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী জানান, বিনা মূল্যে বই বিতরণের জন্য তাঁরা সম্পূর্ণ প্রস্তুত। দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় এ উৎসব পালিত হবে।
কেন্দ্রীয়ভাবে ১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। নতুন শিক্ষাবর্ষে (২০১৫) সোয়া চার কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য প্রায় ৩১ কোটি ৭৮ লাখ বই ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে।