জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও আগামীকাল সোমবার চট্টগ্রামসহ ১১ জেলায় ২৪ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট বহাল রেখেছে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরাম। তবে হরতাল আহ্বানকারীদের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ফোরামের নেতারা। মহাসড়কে চাঁদাবজি, ডাকাতি-ছিনতাই বন্ধসহ ১১ দফা দাবি আদায়ে তাঁরা এ কর্মসূচি আহ্বান করেছেন।চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরামের আহ্বায়ক এস এম হাবিবুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা এক মাস আগেই এ সিদ্ধান্ত নিয়েছি। গত ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমেও তা জানিয়েছি। সে হিসেবে এখনো পর্যন্ত আমাদের দাবি পূরণ না হওয়ায় আগামীকালের ২৪ ঘণ্টার প্রতীকী পণ্য পরিবহনের কর্মসূচি বহাল রেখেছি। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। কারণ আমাদের উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলা নয়। বরং কিছু বিষয়ে সরকারকে সচেতন করে সে হিসেবে পদক্ষেপ নেওয়ার জন্যই আমরা আন্দোলনে নামছি।’আন্তজেলা মালামাল পরিবহন ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহম্মদ বলেন, ‘আমাদের এ আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমরা ২৪ ঘণ্টার প্রতীকী পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিলেও এখানে কোনো পিকেটিং হবে না।’১১ দফা দাবির মধ্যে অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের নামে অযথা হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, মহানগর এলাকায় ৪৮ এবং মহানগরের বাইরে ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট থানায় আটক গাড়ি মালিক অথবা মালিক সমিতির জিম্মায় প্রদান, হাইওয়ে পুলিশের দায়ের করা মামলা নিজ নিজ জেলায় নিষ্পত্তির ব্যবস্থা, ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়নে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধ, চট্টগ্রামসহ বিভাগের প্রতি জেলায় একটি করে ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার ও ট্যাংকলরি টার্মিনাল স্থাপন উল্লেখযোগ্য।জানা যায়, কাল পণ্য পরিবহন ধর্মঘটের আওতায় পড়বে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা। এগুলো হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এসব জেলায় প্রায় ৫০ হাজার ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার ও ট্যাংকলরি নিয়মিত চলাচল করে।