হরতালেও চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে চট্টগ্রাম আদালতে কোনো মামলার শুনানি না হলেও জেলা আইনজীবী সমিতির নির্বাচন হবে। গতকাল রোববার দুপুরে নির্বাচন কর্মকর্তারা প্রার্থী ও ভোটারদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।
কাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন হবে।
টানা অবরোধের সঙ্গে গতকাল রোববার সকাল থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০-দলীয় জোট। কিন্তু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী যে দলেরই হরতাল হোক হরতালে কোনো মামলার শুনানি হবে না।
নির্বাচন কর্মকর্তা ও সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, হরতালে চট্টগ্রাম আদালতে বারের সিদ্ধান্ত অনুযায়ী কোনো মামলার শুনানি হয় না। আইনজীবী সমিতির নির্বাচনের দিন (মঙ্গলবার) হরতালের কর্মসূচি থাকায় প্রার্থী ও ভোটাররা শঙ্কার মধ্যে ছিলেন। তাই প্রার্থী ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হরতাল থাকলেও ভোট হবে।
ফখরুদ্দিন জানান, নির্বাচনে ভোটার সংখ্যা ৩ হাজার ৪০০ জন। ১৯টি পদে ৪৯ জন প্রার্থী লড়ছেন।