হরতালেও চালু ছিল ওএমএস
প্রথমবারের মতো হরতালের দিন খোলাবাজারে চাল (ওএমএস) বিক্রি করা হয়েছে। গতকাল রোববার খাদ্য বিভাগ রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে ওএমএস কার্যক্রম চালু রাখে। ঢিলেঢালা হরতালে বিপুলসংখ্যক মানুষ চাল কিনতে ট্রাকের সামনে জড়ো হয়।গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ১০০টি ট্রাকে ওএমএসের চাল বিক্রি হয়। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৩ জুলাই হরতালের আগের দিন ট্রাকগুলোতে ক্রেতাদের ভিড় বেশি ছিল। ফলে, খাদ্য বিভাগ গতকাল হরতাল থাকলেও ওএমএসের চাল বিক্রির কার্যক্রম চালু রাখে।খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসাইন খান বলেন, নিম্নবিত্ত মানুষের চাহিদার কথা চিন্তা করে হরতালের দিন ওএমএসের চাল বিক্রি করা হয়। আজও চাল বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।ওএমএস কার্যক্রমের মাধ্যমে ২৪ টাকা দরে মাথাপিছু সর্বোচ্চ পাঁচ কেজি চাল এবং ২০ টাকা করে সর্বোচ্চ তিন কেজি আটা বিক্রি করছে খাদ্য বিভাগ। সপ্তাহের পাঁচ দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলে।রাজধানীর মিরপুর মাজার রোড, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, কল্যাণপুর নতুন বাজার, কাজীপাড়া বাসস্ট্যান্ড এবং সনি সিনেমা হলের পাশে গতকাল সকাল থেকেই ওএমএসের চাল কেনার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে লোকজনকে।