হরতালেও যানজট
অবরোধের ঘাড়ের ওপর হরতাল। এখানে-ওখানে ফুটছে ককটেলও। তবু মানুষ থেমে নেই। সড়কগুলোতে যানবাহনের উপচে পড়া ভিড়। ফলাফল—সকাল থেকে রাত পর্যন্ত যানজট।
গত ৬ জানুয়ারি থেকে টানা অবরোধ ডেকে বসে আছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। অবরোধের ঘাড়ের ওপরে ছয় দফায় সপ্তাহজুড়ে হরতালও ডাকা হয়েছে। অবরোধের শুরুর দিকে যানবাহনে আগুন আর ককটেল বিস্ফোরণ ঘটেছে বিস্তর। তবে এখন সেসব নাশকতা কমে এসেছে। আর ‘সব সহ্য হয়ে গেছে’ বার্তা ছড়িয়ে মানুষও নৈমিত্তিক কাজে নেমে পড়েছেন।
গতকাল প্রায় সারা দিনই রাজধানীতে ছিল যানজট। দুপুরের পর থেকে মিরপুর, উত্তরা যাওয়ার সড়কগুলোতে যানজট লেগে যায়।
দিনের বিভিন্ন সময় রাজধানীর মতিঝিল, গুলিস্তান, পুরানা পল্টন, তোপখানা রোড, শাহবাগ, এলিফ্যান্ট রোড, মগবাজার মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, বনানী, মিরপুর ১০ নম্বর পর্যন্ত যানজট ছিল। তবে উত্তরার পথে বনানীর পরে কোনো যানজট ছিল না।
গাড়িচালকেরা বলছেন, সিগন্যালগুলোতে অতিরিক্ত সময় লাগছে। ট্রাফিক পুলিশের সংখ্যাও স্বাভাবিকের চেয়ে কম। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা-ভ্যান চলছে। এসব কারণেই যানজট লেগে যাচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মোসলেহউদদীন আহ্মদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে এমনিতেই গাড়ির ভিড় বাড়ে। বিশেষ করে বিকেলে। এ ছাড়া যানজটের আর বিশেষ কোনো কারণ নেই। নগরে বুধবার ট্রাক মিছিলের কর্মসূচি থাকলেও গতকাল কোনো কর্মসূচিই ছিল না। মানুষের ভিড়ই যানজট বাড়িয়েছে। আর গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল প্রসঙ্গে তিনি বলেন, এখন পুলিশ রিকশা চলাচল নিয়ন্ত্রণ করছে না।