হরতালের অজুহাতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও অবরোধ শুরুর পর থেকে মৌলভীবাজারের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রী কমার অজুহাতে ৫ থেকে ১০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
যাত্রীদের অভিযোগ থেকে জানা গেছে, অবরোধ ও হরতাল ঘোষণার পর থেকে জেলার বিভিন্ন সড়কে অটোরিকশার চালকেরা তাঁদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। ভাড়া বৃদ্ধির কারণ জানতে চাইলে তাঁরা সঠিক জবাবও দেন না। তবে কোনো কোনো চালক হরতাল-অবরোধের কারণে যাত্রী কম হয় বলে পোষানোর জন্য এই ভাড়া বৃদ্ধির কথা বলেন। এতে বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে নিয়মিত জেলা সদরে যাতায়াত করেন এমন যাত্রীদের পরিবহন ব্যয় বেড়ে গেছে।
মৌলভীবাজার-শমশেরনগর ও মৌলভীবাজার-কমলগঞ্জ উপজেলা পর্যন্ত সড়কে অবরোধের আগে ভাড়া ছিল ৩০ টাকা করে। এখন আদায় করা হচ্ছে ৪০ টাকা করে। মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের মুন্সীবাজার পর্যন্ত ভাড়া ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা আদায় করা হচ্ছে।
কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের আফরোজ আহমদ মৌলভীবাজার-মুন্সীবাজার রুটে প্রতিদিন জেলা শহরে আসা-যাওয়া করেন। তিনি গতকাল মঙ্গলবার বলেন, প্রথমে বিচ্ছিন্নভাবে বাড়তি ভাড়া আদায় করা হতো। এখন নিয়ম করে ফেলা হয়েছে।
মৌলভীবাজার-শমশেরনগর সড়কের অটোরিকশা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোশাররফ হোসেন বলেন, ‘ড্রাইভারদের রুজি-রোজগার নাই। হরতাল-অবরোধে ড্রাইভাররা একদম পঙ্গু। তাদের বাঁচাতে মানবিক কারণে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া টায়ার, নাটবল্টু সব কিছুর দাম বেড়েছে। আট বছরের মধ্যে এই রুটে অটোরিকশার ভাড়া বাড়ানো হয়নি।’