হরতালের অজুহাতে ছিনতাই
গাইবান্ধা ও বগুড়ার শেরপুর উপজেলায় হরতালের সময় পিকেটিংয়ের নামে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গাইবান্ধায় ছিনতাইয়ের কবলে বেশি পড়ছেন মোটরসাইকেলের চালকেরা। মোটরসাইকেল ভাঙচুর করার হুমকি দিয়ে চালকদের কাছ থেকে টাকাও লুট করা হচ্ছে।
পুলিশ ও ছিনতাইয়ের শিকার হওয়া গাইবান্ধার কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ অক্টোবর হরতালের সময় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা এলাকায় আমিনুল নামের এক এনজিওকর্মীকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেয় পিকেটার ছদ্মবেশী দুর্বৃত্তরা। তিনি ওই দিন সাদুল্যাপুর উপজেলার গাছুরবাজার থেকে গাইবান্ধা শহরে ফিরছিলেন। সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলায় তিনি রাত সাড়ে আটটার দিকে ঢোলভাঙ্গা এলাকায় আটকা পড়েন। আমিনুল বলেন, ‘তখন ৮-১০ জনের একদল দুর্বৃত্ত আমার পথ রোধ করে। দুর্বৃত্তরা আমাকে ঘিরে ধরে বলে, “হরতালের দিন মোটরসাইকেল চালাচ্ছেন কেন? সাইকেলটি দিয়ে চলে যান।” এর প্রতিবাদ করলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর তারা আমার মোটরসাইকেল নিয়ে চলে যায়। এ ঘটনায় পলাশবাড়ী থানায় জিডি করেছি।’
একই দিন ঢোলভাঙ্গা এলাকায় একইভাবে সাদুল্যাপুরের নলডাঙ্গা গ্রামের ভুট্টু মিয়ার একটি মোটরসাইকেল ছিনতাই হয়।
ভাড়ায় মোটরসাইকেল চালান সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম। তিনি ১০ নভেম্বর হরতাল চলাকালে ধাপেরহাট থেকে দুজন যাত্রী নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে পলাশবাড়ী উপজেলা শহরের দিকে রওনা দেন। দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে পৌঁছালে পিকেটাররা তাঁকে আটকে ৮৪০ টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেল ভাঙচুর করার হুমকি দিয়ে তারা টাকা ছিনিয়ে নেয়।
ওই ঘটনার এক ঘণ্টা পর একই স্থানে রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামের মোটরসাইকেলচালক বদিউজ্জামানের কাছ থেকে একইভাবে এক হাজার টাকা ছিনতাই করা হয়।
১১ নভেম্বর বিকেলে গাইবান্ধা শহরের ভিএইড রোডে আলম মিয়া নামের এক ডিম ব্যবসায়ীর মুঠোফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী গ্রামের আলম নামের ওই ডিম ব্যবসায়ী বলেন, ‘আমি ভটভটিতে করে জেলা শহরে ডিম বিক্রি করতে এনেছিলাম। হঠাৎ কয়েকজন যুবক আমাকে শাসিয়ে বলে, “হরতালের দিন ভ্যান নিয়ে এসেছিস কেন? টাকাপয়সা যা আছে দিয়ে দে, না দিলে ভটভটি ভেঙে ফেলব।” এ কথা বলেই তারা আমার পকেট থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।’ এ ছাড়া ১০ নভেম্বর রাতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকা থেকে দুটি অটোরিকশা ছিনতাই হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, পুলিশ হরতালের দায়িত্ব পালনে ব্যস্ত থাকে। এ সুযোগে অপরাধীরা ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এসব অপরাধ রোধে বিভিন্ন সড়কে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় গত সোমবার রাতে ছিনতাইয়ের কবলে পড়েন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। পোশাকশ্রমিক শেরপুর উপজেলার দক্ষিণ জামুর গ্রামের ওয়াহেদ আলী বলেন, তিনি ওই দিন রাতে একটি খালি ট্রাকে করে স্ত্রীকে নিয়ে গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া একটার দিকে ওই স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাক থামিয়ে ট্রাকের চালক ও যাত্রীদের কাছ থেকে মুঠোফোন ও নগদ অর্থ ছিনতাই করে।
ওই স্থানে একইভাবে আরও কয়েকটি যানবাহন থামিয়ে যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ অর্থ ও মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, হরতালের সময় পিকেটারের মুখোশধারী অপরাধীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন।