হরতালের আগুনে দগ্ধ আবদুল হাই ছটফট করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাতে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎই দুই যুবক রাস্তার পাশ থেকে দৌড়ে মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায়। আমি আস্মিকভাবে ব্রেক কশতে বাধ্য হই। দুই যুবকের মুখেই কাপড় বাঁধা ছিল। তারা আমাকে কিছু বলারও সময় দেয়নি। মোটরসাইকেল থেকে নামতেও পারিনি। তার আগেই মোটরসাইকেলসহ গায়ে পেট্রোল ঢেলে দেশলাইয়ের আগুন ছুড়ে মারে। মুহূর্তে শরীরে আগুন লেগে যায়।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় শুয়ে সোমবার আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন হরতালে অগ্নিদগ্ধ আবদুল হাই (৪৫)।
যেখানে ঘটনাটি ঘটেছে, রংপুর নগরের সেই পীরপুর এলাকাতেই আবদুল হাইয়ের বাড়ি। তিনি তাজহাট বাবুপাড়া এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করেন। কর্মক্ষেত্র থেকে গত রোববার রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এমন সময় দুই দুর্বৃত্ত তাঁর শরীরে আগুন দিয়ে পালিয়ে যায়। বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মারুফ উল ইসলাম জানান, আবদুল হাই এখন আশঙ্কামুক্ত। তবে তাঁর অগ্নিদগ্ধ ক্ষতস্থান সারতে অনেক সময় লাগবে।
কোতোয়ালি থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার হয়নি।