হরতালের আগুনে দগ্ধ নাসিমাও চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসিমার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজন। ছবি: মনিরুল আলম।
নাসিমার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজন। ছবি: মনিরুল আলম।

হরতালের আগুনে দগ্ধ একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। পোশাকশ্রমিক নাসিমা গতকাল বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মারা যান।
ফেনীতে ককটেল বানাতে গিয়ে আহত মো. আবুল কাশেম ওরফে জালি কাশেম (৪২) আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে একই হাসপাতালে মারা যান।
গত ২৬ অক্টোবর হরতালের আগের দিন রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সব যাত্রী বের হতে পারলেও বাসে আটকা পড়ে দগ্ধ হন নাসিমা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আজ প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
টানা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিনে ১২ নভেম্বর সন্ধ্যায় ফেনীর ফুলগাজী উপজেলার বরইয়া গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত হন কাশেম। ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, কাশেম আজ ভোরে হাসপাতালে মারা গেছেন। ককটেল তৈরি ও বিস্ফোরণের ঘটনায় কাশেমের বিরুদ্ধে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে মামলা করেছেন।