হরতালের আগেই নিষ্ঠুর আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চে গতকাল ঢাকায় ফিরে হরতালের কারণে যানবাহন না পেয়ে এই পরিবারটির মতো অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয় ষ ছবি: প্রথম আলো
লঞ্চে গতকাল ঢাকায় ফিরে হরতালের কারণে যানবাহন না পেয়ে এই পরিবারটির মতো অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয় ষ ছবি: প্রথম আলো

ভোর প্রায় পাঁচটা। সাভারের সালেহপুর সেতুর কিছু দূরে একটি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন নারী-পুরুষ-শিশু। তাঁদের চোখে-মুখে উদ্বেগের ছাপ। বললেন, তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে হেমায়েতপুর থেকে রাজধানীতে ফিরছিলেন। কিন্তু হরতাল-সমর্থকেরা তাঁদের সেখানে নামতে বাধ্য করেছে, মারধরও করেছে। হরতাল শুরুর আগেই পিকেটাররা তাঁদের এমন বিপদে ফেলে দেওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ওই মানুষদের একজন আবদুর রশিদ। তিনি মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা। তিনি জানান, গত সোমবার সাভারের হেমায়েতপুরে এক বিয়েতে গিয়েছিলেন তাঁরা। হরতাল শুরুর আগেই ঢাকায় ফেরার জন্য গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে দুটি অটোরিকশায় রওনা হয়েছিলেন। কিন্তু ওই সিএনজি স্টেশনের সামনে এসে ‘হরতাল, হরতাল’ স্লোগান দেওয়া একদল পিকেটারের কবলে পড়েন। তারা অটোরিকশা থামিয়ে তাঁদের নেমে যেতে বাধ্য করে। একটি অটোরিকশার কাচ ভেঙে দেয়। চালকেরা আতঙ্কে পালিয়ে যান। হরতাল শুরুর আগেই এমন নিষ্ঠুর আচরণের কারণ জানতে চাইলে পিকেটাররা তাঁদের গালাগাল ও মারধর করে। পরে যোগাযোগ করলে এই ব্যাংক কর্মকর্তা জানান, শেষ পর্যন্ত তাঁদের হেঁটে গাবতলী আসতে হয়। সেখান থেকে বাসে করে সকাল নয়টার দিকে মতিঝিলে পৌঁছান। হরতাল শুরুর আগে আবদুর রশিদ অতি-উৎসাহী পিকেটারদের কারণে মহাসড়কে বিপদে পড়েছেন আর ভোরে বাস এবং সারা দিনে লঞ্চ, ট্রেনযোগে ঢাকায় ফেরা মানুষ ভোগান্তিতে পড়েছেন হরতালের কারণে যানবাহনের অভাবে। এ সুযোগে অটোরিকশা ও রিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন সমস্যায় পড়া মানুষদের কাছ থেকে। লালমনিরহাট থেকে বাসে করে ভোরে টেকনিক্যাল মোড়ে নেমে গ্রিন রোডে যেতে যানবাহনসংকটে পড়েন চাকরিজীবী মোহাম্মদ উল্লাহ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দ্বিগুণ ভাড়ায় অটোরিকশায় করে গ্রিন রোডে আসেন তিনি। বাসে করে ভোরে ঢাকায় ফেরা মানুষ তাঁর মতো ঝামেলায় পড়েন। লঞ্চে করে ঢাকায় ফেরা মানুষও সদরঘাট টার্মিনাল থেকে বেরিয়ে যানবাহনসংকটে পড়েন। তাঁদের একজন লালবাগের খুদে ব্যবসায়ী আখতারুজ্জামান। তিনি জানান, চাঁদপুরের মতলবে ঈদ করে পরিবারসহ ঢাকায় ফিরে পড়েন কুলি ও রিকশাচালকের বিড়ম্বনায়। পন্টুন থেকে টার্মিনালের প্রবেশপথ পর্যন্ত মালামাল বহন করে কুলি নিয়েছে ১০০ টাকা আর লালবাগ পর্যন্ত রিকশাভাড়া ১৫০ টাকা। যানবাহন না পেয়ে অনেককে হেঁটে সদরঘাট থেকে গন্তব্যে রওনা হতে হয়। কমলাপুর রেলস্টেশনে নামা লোকজনও যানবাহন না পেয়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন। স্বাভাবিক সময়েই স্টেশনে থাকা যান বেশি ভাড়া চায় আর গতকাল হরতাল থাকায় তা মাত্রা ছাড়ায়।