হরতালের আগেই রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার আশঙ্কায় হরতালের আগেই গতকাল শনিবার রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনের মালিকেরা। খোঁজ নিয়ে জানা গেছে, হরতালের আগে ঢাকায় বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় গতকাল বেলা ১১টার পর থেকেই অনেকগুলো পরিবহনের মালিক তাঁদের ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন। কারণ, রাজশাহী থেকে দুপুরে ছেড়ে যাওয়া বাসগুলো সন্ধ্যায় ঢাকায় পৌঁছে হামলার শিকার হতে পারে। বেলা একটার পরের ট্রিপের জন্য যেসব বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল, তা যাত্রীদের কাছ থেকে ফেরত নেওয়া হয়েছে।
রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকেও ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে রাজশাহী থেকে সর্বশেষ ন্যাশনাল পরিবহনের গাড়ি ছেড়ে যায়। ন্যাশনালের কাউন্টার মাস্টার মোজাম্মেল হক বলেন, ঢাকায় হামলার আশঙ্কায় বেলা ১১টার পর থেকে গাড়ি চলাচল বন্ধ করা শুরু হয়। তাই যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে তাঁরা বিকেল পাঁচটায় সর্বশেষ গাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, ঢাকায় হরতালের আগের দিন বিকেলে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এ জন্য পরিবহনের মালিকেরা গাড়ি বের করতে সাহস করেন না।