হরতালের আগের রাতেই শিবিরের মিছিল, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী ও নারায়ণগঞ্জে গতকাল বুধবার রাতে ঝটিকা মিছিল নিয়ে গাড়ি ভাঙচুর করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জে তাঁদের ছোড়া একটি ককটেল বিস্ফোরণে এক বৃদ্ধ আহত হয়েছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ডাকা হরতালের সমর্থনে গতকাল রাতে মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা।নারায়ণগঞ্জ: সন্ধ্যা সাতটার দিকে শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ ও পাঁচটি যানবাহন ভাঙচুর করেছেন। একই সময় সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণে পথচারী এক বৃদ্ধ আহত হন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, পুলিশ যাওয়ার আগেই শিবিরের কর্মীরা পালিয়ে গেছেন।নরসিংদী: রাত আটটার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকার শিক্ষা চত্বর মোড়ে শিবিরের কর্মীরা হঠাৎ মিছিল বের করে সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে অ্যাম্বুলেন্সযাত্রী এক নারীসহ তিন যাত্রী আহত হয়। একই সময়ে বৌয়াকুড় আরশীনগর মাইক্রোবাস স্ট্যান্ডে রাখা দুটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।