হরতালের আতঙ্কে সবাই
পুলিশের একজন উপপরিদর্শক সাদা পোশাকে তাঁর এক সহকর্মীর বাসায় যাচ্ছিলেন। সাদা পোশাকে থাকলেও তাঁর গেঞ্জিতে পুলিশের লোগো ছিল। তিনি এটা খেয়াল করার পর তাড়াতাড়ি করে গেঞ্জি খুলে ব্যাগে ভরেন আর বন্ধুর একটি জামা গায়ে পরেন। নগরের একটি বাসায় তাঁর সঙ্গে পরিচয়ের একপর্যায়ে রাজশাহীর পরিস্থিতি নিয়ে তাঁর আতঙ্কের কথা বলতে গিয়ে এ ঘটনার কথা জানান। রোববার বোমায় পুলিশের কবজি উড়ে যাওয়ার পরদিন হেলমেট ও ইট দিয়ে আরেক পুলিশের মাথা থেঁতলে দেওয়ার নারকীয় দৃশ্য দেখার পর গতকাল মঙ্গলবার রাজশাহীতে হরতাল চলাকালে সাধারণ মানুষ, পুলিশ—সবার মধ্যে এ রকম আতঙ্ক দেখা গেছে। অন্যান্য দিনের হরতালের চেয়ে গতকালের হরতালে রাস্তায় লোকজন চলাচলের পরিমাণ কম ছিল। অন্যদিন রিকশা ও ইজিবাইক স্বাভাবিকভাবেই চলে, গতকাল তার একটু ব্যতিক্রম ছিল।নগরের খড়খড়ি বাইপাস এলাকায় শিবিরের কর্মীরা রাস্তায় কলাগাছ ফেলে ও আগুন জ্বেলে দিলেও নগরের ভেতরে কোথাও শিবিরের কোনো পিকেটিং দেখা যায়নি। সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে রাজশাহীর কাদিরগঞ্জ এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল নিয়ে মালোপাড়া মোড়ে এলে পুলিশ বাধা দেয়। সেখানে দলের নেতা-কর্মীরা রাস্তায় বসে পড়ে আধা ঘণ্টা অবস্থান করেন। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন ও মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক। পরে তাঁরা সেখান থেকে চলে যাওয়ার পর আর কাউকে দেখা যায়নি। ব্যাটারিচালিত রিকশার একজন চালক বলেন, ‘গাড়ি বের করলে হয়তো ২০০ টাকা ভাড়া হবে। কিন্তু ভেঙে দিলে মালিকের গাড়ির জরিমানা দিতেই শেষ হয়ে যাব। তার চেয়ে বসে থাকাই ভালো।’ নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বিএনপির মিছিলে ঢুকে গিয়ে শিবিরের ক্যাডাররা নাশকতা চালাতে পারে—এই আশঙ্কায় তাদের মিছিলে বাধা দেওয়া হয়েছে। খড়খড়িতে পুলিশ পৌঁছার আগেই শিবিরের কর্মীরা পালিয়ে যান।