হরতালের আড়ালে গাছ হত্যা ও লুট
হরতালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এক পক্ষ নির্বিচারে গাছ হত্যা করেছে। আরেক পক্ষ হরতালের সুযোগে একের পর এক বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ লুট করে নিয়ে গেছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত সপ্তাহে জামায়াত-বিএনপির চার দিনের হরতালে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বগুড়া শাখার কর্মকর্তা (বৃক্ষ পালন) মোহম্মদ কুতুবউদ্দিন জানান, এখন পর্যন্ত ২৯টি বড় গাছ ও ১০৭টি ছোট গাছ কাটার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর কত গাছ কাটা হয়েছে, তা সরেজমিনে দেখা হচ্ছে। এ ব্যাপারে ক্ষতির হিসাব দ্রুত বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় ব্যক্তিরা জানান, সওজের এই হিসাবের দ্বিগুণেরও বেশি গাছ কাটা পড়েছে। তাঁরা অভিযোগ করেন, জামায়াত-শিবিরের সমর্থকেরা গত রোববার ভোর থেকে একাধিক দলে বিভক্ত হয়ে করাত দিয়ে গাছগুলো কেটে সড়কের ওপর ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। এই নাশকতার কারণে সড়কগুলোয় চার দিন পুলিশ ও সাধারণ মানুষের চলাচল কমে আসে। এই সুযোগে এলাকার একটি গাছচোর চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা সড়কের দুই পাশের বড় বড় গাছ কেটে নেয়। পুরো গাছ একসঙ্গে সরাতে না পারলেও ধাপে ধাপে গাছের ডাল কেটে পরে গুঁড়িগুলো সরিয়ে নেয়। এ সময় তাদের হাত থেকে কম বয়সী গাছও রেহাই পায়নি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মোকামতলা-জয়পুরহাট আন্তমহাসড়ক ও বগুড়ার-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলা অংশে সড়কের দুই পাশের সওজ বিভাগের তিন শতাধিক ছোট-বড় গাছ হত্যা করা হয়েছে। এ ছাড়া মহাস্থানগড়-শিবগঞ্জ সড়কের করতকোলা এলাকায় বন বিভাগের বেশ কিছু গাছ কেটে হত্যা করা হয়েছে। উপজেলার পাকুরতলা গ্রামের তবিবর রহমান বলেন, ‘আমার বাড়ির অদূরে তিনটি পুরোনো রেইনট্রিগাছ কেটে নেওয়া হলো প্রকাশ্য দিনে। আরও একটি পুরোনো গাছের মোটা শাখাগুলো কেটে নিয়ে গেল দুষ্কৃতকারীরা।’ ভরিয়া গ্রামের আজমল হোসেন বলেন, ‘আগেও দুই-চারটি গাছ হত্যা করে সড়ক অবরোধ করা হয়েছে। কিন্তু এবারের মতো আগে কখনোই নির্বিচারে গাছ হত্যার ঘটনা ঘটেনি। আমার গ্রামের সামনে থেকে চারটি বড় রেইনট্রিগাছ হত্যা করা হয়। যার আনুমানিক মূল্য হবে ৬০ হাজার টাকা।’ মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মারুফ রহমান জানান, হরতালে সড়ক অবরোধের জন্য পরিকল্পিতভাবে গাছগুলো হত্যা করা হয়েছে। অনেকে হরতালের এই চার দিনে গাছ চুরির মহোৎসবে মেতেছিল। কমপক্ষে পাঁচ লাখ টাকার গাছ তারা হত্যা করেছে।সামাজিক বনায়ন বাগানকেন্দ্রের শিবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শিবগঞ্জ-মহাস্থানগড় সড়কের নাগরজানি গ্রামের সামনে আটটি গাছ কাটা হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।