হরতালের কারণে ইংরেজি মাধ্যমের পরীক্ষা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে গতকাল বুধবার বাংলাদেশের ইংরেজি মাধ্যমের ‘এ’ লেভেলের পরীক্ষা হয়নি। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে আগেই পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে পরীক্ষা বাতিলের কথা জানানো হয়।
একাধিক পরীক্ষার্থী ও অভিভাবক প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। এই পরীক্ষা বাতিলের ফলে পরীক্ষার্থীদের আবার এক সেশন পরে পরীক্ষা দিতে হতে পারে। নতুবা অন্যান্য বিষয়ের পরীক্ষার নম্বরের ভিত্তিতে সমন্বয় করে ফল প্রকাশ করা হতে পারে।
তবে গতকাল রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সই করা এক বিবৃতিতে ‘ও’ লেভেল পরীক্ষাকে হরতাল ও অবরোধের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হরতাল-অবরোধের কর্মসূচি বহাল থাকলেও ‘ও’ লেভেল পরীক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় পড়বে না। পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনকে বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত হরতালের আওতামুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য আজ বৃহস্পতিবার ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা রয়েছে।
ব্রিটিশ কাউন্সিলের সূত্র জানায়, এই পরীক্ষা সারা বিশ্বে একই দিনে হওয়ায় হরতাল থাকলে ওই দিন রাতে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ২০-দলীয় জোট গতকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে। ফলে গতকাল রাতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এর ফলে কয়েক হাজার শিক্ষার্থীকে পিছিয়ে পড়তে হলো।