হরতালের কারণে কয়েকটি পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার কয়েক দিনের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কয়েকটি বাম দল সেদিন হরতাল ডাকায় ওই পরীক্ষা হবে ২৪ ডিসেম্বর। ১৯ ডিসেম্বরের পরীক্ষার সময়সূচি ঠিক থাকবে।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, ১৮ ডিসেম্বরের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ২৪ ডিসেম্বরের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া মেডিকেল সায়েন্সের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে ৩০ ডিসেম্বর। তবে ১৯, ২০ ও ২৩ ডিসেম্বরের পরীক্ষার সময়সূচি ঠিক থাকবে।পিএসসির পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৯ ডিসেম্বর সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলি, ২০ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিষয়াবলি প্রথম পত্র ও বিকেলে বাংলাদেশ বিষয়াবলি দ্বিতীয় পত্র, ২৩ ডিসেম্বর সকালে বাংলা প্রথম পত্র এবং বিকেলে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১১ ডিসেম্বর প্রকাশিত আসনবিন্যাস ঠিক থাকবে।গত ১৫ নভেম্বর দিনে দুটি করে পরীক্ষা রেখে পিএসসি ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করে। গত অক্টোবরে প্রশ্নপত্র ফাঁসের গুজবে এই পরীক্ষা স্থগিত করা হয়।