হরতালের কারণে চার লেনের কাজ ধীরগতিতে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে সম্প্রসারণের কাজে ধীরগতির জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সীতাকুণ্ড এলাকায় সম্প্রসারণকাজের একাংশের কার্পেটিং কাজের উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, চার লেনের সঙ্গে সংগতি রেখে দ্বিতীয় কাচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যোগাযোগমন্ত্রী বলেন, হরতাল যত বেশি হবে, সম্প্রসারণকাজও তত দেরিতে সম্পন্ন হবে। এর পরও আগামী অর্থবছরে এ কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের নেওয়া উন্নয়ন কার্যক্রম রাজনৈতিক অস্থিরতার কারণে থমকে গেছে। ইতিপূর্বে হরতালের সময় চীনা ঠিকাদারদের দুটি ট্রাক পিকেটাররা পুড়িয়ে দিয়েছে। এ জন্য হরতালের সময় তাঁরা আর কাজ করেন না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে সম্প্রসারণের কাজ ১০ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে সাতটি ভাগের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চিনো হাইড্রো। অবশিষ্ট তিনটি কাজ করছেন দেশীয় ঠিকাদারেরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুইয়া, মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীন, প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ প্রমুখ।