হরতালের কারণে দিনাজপুরে কম দামে লিচু বিক্রি
দিনাজপুরের বাগানমালিকেরা এবার কম দামে লিচু বিক্রি করছেন। কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতাল হওয়ায় তাঁরা কম দামে লিচু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এতে তাঁদের লোকসান হচ্ছে।বিরল উপজেলার মাধববাটি এবং সদর উপজেলার মাশিমপুর, সৈয়দপুর, কসবা, উলিপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, এসব এলাকার বাগানে মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি, বোম্বাই, কাঁঠালিসহ নানান জাতের লিচু গাছের ডালে ঝুলছে। গ্রামের শিশু-কিশোরেরা গাছ থেকে পড়া লিচু কুড়াচ্ছে। পাকা রাস্তার দুই পাশে এসব লিচু বিক্রি হচ্ছে। বাইসাইকেল ও রিকশা থামিয়ে মানুষ লিচু কিনে নিয়ে যাচ্ছে।লিচু ব্যবসায়ী উমর আলী জানান, গত কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হরতাল হওয়ায় বাগানমালিকেরা গতবারের চেয়ে কম দামে লিচু ছেড়ে দিচ্ছেন। গত বছর বেদানা জাতের ১০০ লিচু ৫০০-৭০০ টাকায়, মাদ্রাজি লিচু ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারেরা আসতে পারেননি। এতে বেদানা জাতের লিচু ৪০০-৫০০ এবং মাদ্রাজি লিচু ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।লিচুবাগান মালিক আবদুল ওয়াহেদ বলেন, গত তিন দিন দেশের বিভিন্ন স্থানে হরতাল হওয়ায় পাইকার, ব্যাংক, বিমা, সরকারি ও বেসরকারি কার্যালয় থেকে দেওয়া কয়েক হাজার ক্রয়-আদেশ (অর্ডার) বাতিল করা হয়েছে। ফলে বাগানমালিকদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।