হরতালের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরিফের টাকা লুটের মামলার কার্যক্রম পিছিয়েছে। গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিনের আদালতে এ মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারণের কথা ছিল। চট্টগ্রাম আদালতের পুলিশ পরিদর্শক অনু মং মারমা প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে মামলার কার্যক্রম পরিচালিত হয়নি। আদালত শুধু মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।’ চট্টগ্রামের জেলা পিপি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আজ (রোববার) মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারণের কথা ছিল। তবে হরতালের কারণে তা হয়নি। আদালত আগামী ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।’দরবারের টাকা লুটের ঘটনায় করা মামলায় গত ২৮ আগস্ট র্যা ব-৭-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। উল্লেখ্য, আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যা বের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা করেন। গত ২৮ জুলাই আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ মামলায় সাতজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ২৮ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে দুই পলাতক আসামি র্যা বের সোর্স মানব বড়ুয়া ও আনোয়ার মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দরবারের টাকা লুটের ঘটনায় অভিযোগ ওঠার পর গত ৩০ এপ্রিল লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। এরপর গত ৩ মে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৭ জুন হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন নেন জুলফিকার আলী মজুমদার। এরপর ২১ জুন তিনি কারাগার থেকে মুক্তি পান।