হরতালের কারণে বিপাকে পাঁচ শতাধিক শ্রমিক
একের পর এক হরতালের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে বিভিন্ন যানবাহন পারাপারে নিয়োজিত পাঁচ শতাধিক শ্রমিক ও বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ বিক্রেতারা বেকার হয়ে পড়েছেন। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ও ঘাটশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়ে থাকে। ফেরিতে গাড়ি ওঠানো ও নামনোর জন্য দুই ঘাটে প্রতিদিন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত রয়েছেন পাঁচ শতাধিক শ্রমিক। পাশাপাশি ফেরি ও লঞ্চে ডিম, ঝালমুড়িসহ বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রির সঙ্গে অনেক লোক জড়িত। কিন্তু হরতালের কারণে উভয় ঘাটে তাঁরা অলস সময় পার করছেন। তাঁদের প্রতিদিনের রোজগার বন্ধ হয়ে গেছে। ঘাটে ট্রাক পারাপারে নিয়োজিত গোলাম মোস্তফা, ফজলুল হক, শাজাহান বিশ্বাস, নুরুল আলমসহ কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিন ট্রাকসহ পণ্যবাহী গাড়ি পার করে দেওয়ার বিনিময়ে একেকজন শ্রমিক ২০০ থেকে ৩০০ টাকা করে রোজগার করেন। কিন্তু হরতালের দিনে গাড়ি পারাপার বন্ধ থাকায় তাঁদের রোজগার বন্ধ হয়ে যায়। সম্প্রতি ঘন ঘন হরতাল ডাকায় তাঁদের উপার্জন কমে গেছে। ফলে কষ্টে জীবন যাপন করতে হচ্ছে তাঁদের। দৌলতদিয়া ঘাটে আটকে পড়া বেনাপোল থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের চালক আলাউদ্দিন মোল্লা বলেন, গত রোববার গভীর রাতে ঘাটে আসার পর হরতালের কারণে আটকা পড়েছেন তিনি। এখন তাঁকে দুই দিন ঘাটে বসে কাটাতে হবে। দফায় দফায় হরতালের কারণে আয় কমে যাওয়ায় মালিকেরাও তাঁদের বেতন দেবেন না।ঈগল পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক সুকুমার মণ্ডল বলেন, ওই পরিবহনের বাস পারাপারের জন্য ১২ জন ঘাট তত্ত্বাবধায়ক রয়েছেন। দিন শেষে কেউ ২০০ টাকা, কেউ এক দিন পর পর ২০০ থেকে ৩০০ টাকা বেতন পান। ঘাটে গাড়ি না এলে কেউ বেতন পান না। ঘন ঘন হরতালে বেতন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। দৌলতদিয়া ঘাটের শ্রমিকনেতা আবদুল মালেক বলেন, দুই ঘাটে সব মিলিয়ে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন। দিন শেষে উপার্জন করা অর্থ দিয়ে তাঁরা কোনো রকমে সংসার চালান। হরতালের কারণে এসব শ্রমিকের পরিবারের অন্তত দুই হাজার সদস্য মানবেতর জীবন যাপন করছেন। হরতাল না দিয়ে বিকল্প চিন্তা করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান তিনি।