হরতালের কারণে বিপাকে শিবগঞ্জের সবজিচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতালের কারণে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ বন্ধ থাকায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার সবজিচাষিরা বিপাকে পড়েছেন। কৃষকেরা জানান, সময়মতো খেত থেকে সবজি তুলে না ফেললে তা পচে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে তাঁরা খেত থেকে সবজি তুলে ফেললেও হরতালের কারণে তা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
সবজিচাষিরা জানান, বছরের অন্য সময়ে সবজি আবাদ করে তাঁরা উৎকণ্ঠায় থাকেন। কখনো লাভ হয়, কখনো লোকসানও গুনতে হয়। কিন্তু রমজান মাস ঘিরে তাঁরা নিশ্চিত লাভের অঙ্ক কষে থাকেন। কিন্তু এবার রমজান মাসে টানা হরতালের ডাক দেওয়ায় তাঁদের লোকসান গুনতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কথা হয় আটমূল ইউনিয়নের কঞ্চিথল গ্রামের সবজিচাষি এমদাদুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা রমজান মাস সামনে রেখে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উচ্চমূল্যের উপকরণ দিয়ে খেতে সবজি চাষ করেছি। লাভের টাকায় ঈদের খরচসহ নানান পরিকল্পনা থাকে আমাদের। কিন্তু টানা হরতালে আমাদের সব শেষ।’
আধা বিঘা খেতে বেগুন চাষ করেছেন মাঝিহত্ত ইউনিয়নের ছাতুয়া গ্রামের শহিদুল ইসলাম। তিনি বলেন, টানা হরতাল শুরু হওয়ার আগের দিন তিনি যে বেগুন ৮০০ টাকা মণ দরে বিক্রি করেছিলেন, এখন এর দাম মাত্র ২৮০ টাকা। বেগুন সপ্তাহে দুই দিন তুলতে হয়। সময়মতো বেগুন না তুললে তাতে পোকা ধরে যায়। তাই বাধ্য হয়ে হরতালের মধ্যেও তাঁদের খেত থেকে বেগুন তুলে ফেলতে হয়।
গতকাল উপজেলার মহাস্থান বাজারে গিয়ে জানা গেছে, টানা হরতালের কারণে সবজির দাম অনেক কমে গেছে। হরতালের কারণে ঢাকাসহ বড় বড় শহরে সবজি নিয়ে যেতে পারছেন না ব্যবসায়ীরা। পাঁচ দিন আগে যে করলার দাম ছিল এক হাজার ৬০০ টাকা, এখন এর দাম ৭০০ থেকে ৭৫০ টাকা। পটোল ৫০০ টাকার জায়গায় হয়েছে ১৮০ টাকা। কাঁচা মরিচ চার হাজার ৮০০ টাকার জায়গায় দুই হাজার টাকা। কচু ৮০০ টাকার জায়গায় ৩০০ টাকা। বরবটি ৭০০ টাকার জায়গায় ৩২০ টাকা। চিচিঙ্গা ২০০ টাকার জায়গায় ৫০ টাকা। ঝিঙে ৫০০ টাকার জায়গায় ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এত কম দাম দিয়েও চাষিরা সবজি বিক্রি করতে পারছেন না ক্রেতার অভাবে।
সবজির বিক্রেতা ইয়াকুব আলী (৫৫) বলেন, ‘বাপজনমেও রমজান মাসোত হরতালের কথা শুনিনি। টানা হরতালে হামরা মর‌্যা গেনু। দাবি আদায়ের নামে গরিবের প্যাটোত লাথি মারার হরতাল হামরা চাই না।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, চলতি খরিপ-১ মৌসুমে এ উপজেলায় এক হাজার ১০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হচ্ছে। কিন্তু টানা হরতালের কারণে সবজিচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।