হরতালের কারণে ভেজাল বিরোধী অভিযান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে চট্টগ্রামে বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা মৎস্য কার্যালয়ের ভেজালবিরোধী অভিযান ব্যাহত হচ্ছে। বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যাডার্ন্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) আজ বৃহস্পতিবারের নির্ধারিত অভিযানটিও একই কারণে ভেস্তে যাচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হরতালের সময় যানবাহন চলাচলে নিরাপত্তার অভাব এবং যেসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে, সেসব প্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিযান চালানো হয় না। তা ছাড়া একই মাসে বিকল্প অভিযানেরও কোনো সুযোগ থাকে না। কারণ, অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নিরাপত্তা বাহিনীর লোকজনের মধ্যে নির্ধারিত সময়ের বাইরে সমন্বয় করা সম্ভব হয় না। বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে ভেজালকারীদের সংশোধন ও সাধারণ মানুষকে এ সম্পর্কে সচেতন করে থাকি। অভিযান ব্যাহত হওয়া মানে ভেজালকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়া।’ তিনি বলেন, ‘হরতাল ও বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা অভিযান চালাতে পারি না। কারণ যাদের বিরুদ্ধে অভিযান চালাব, এ সময়ে সেসব প্রতিষ্ঠানের বেশির ভাগই বন্ধ থাকে।’ জানা গেছে, চলতি মাসে বিএসটিআইয়ের তিনটি ভেজালবিরোধী অভিযান নির্ধারিত ছিল। এগুলো হচ্ছে ৪, ২৫ ও ২৮ মার্চ। অন্যদিকে জেলা মৎস্য কার্যালয়ের অভিযান নির্ধারিত ছিল গত ৭ ও ১৮ মার্চ। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা হরতালের কারণে এসব অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বলেন, ‘হরতালের সময়ে যানবাহন চলাচলের সুযোগ না থাকায় আমরা দুটি অভিযান পরিচালনা করতে পারিনি।’ জানা যায়, প্রতি মাসে সরকারি বিভিন্ন সংস্থার ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের সময়সূচি নির্ধারণ করে জেলা প্রশাসন। সেখান থেকে অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাব সদস্যদের দায়িত্ব নির্ধারণ করা হয়। ফলে কোনো কারণে একটি অভিযান ব্যাহত হলে একই মাসে পরিকল্পনার বাইরে বিকল্প তারিখ নির্ধারণ সম্ভব হয় না। কারণ এ সময়ে পরস্পরের মধ্যে সমন্বয় করা যায় না।