হরতালের কারণে রাজনীতির প্রতি বিদ্বেষ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন হরতালের কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাকার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা।
শিক্ষক ও অভিভাবকেরা বলছেন, হরতালের কারণে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মনে রাজনীতির প্রতি বিদ্বেষ তৈরি হচ্ছে। দুই নেত্রীর একগুঁয়েমি মনোভাবের কারণে অন্য আর সবার মতো শিশুদের ওপরও প্রভাব ফেলছে। লাগাতার হরতালে তারা দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে না যেতে পেরে লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়ছে। শিক্ষার্থীরা যে ক্ষতির সমঞ্চুখীন হচ্ছে, তা কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব হবে না বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকেরা।
উপজেলার বানাইল গ্রামের রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী দিনের সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে রাজনীতিকেরা দেশের বড় ক্ষতি করছেন। রাজনীতি যদি দেশ গড়ার জন্য হয় তবে হরতালের নামে এসব ক্ষতিকর কর্মসূচি ছাড়তে হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, হরতালের কারণে শিক্ষার্থীদের সাময়িক ও দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে। তারা মনোযোগ হারাচ্ছে। একটা অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটছে। ফলে রাজনীতির প্রতি তাদের ছোটবেলা থেকেই বিদ্বেষ তৈরি হচ্ছে।
বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শফিকুল ইসলাম জানায়, হরতালের দিন তার স্কুলে যাওয়া বন্ধ থাকে। দিনের পর দিন হরতাল হওয়ায় লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে।
উপজেলার মোকামতলা বাজারের ব্যবসায়ী ইয়াকুব আলী বলেন, ‘আমার ছেলে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী। হরতালের কারণে পরীক্ষা পিছিয়েছে। লেখাপড়ায় ছন্দপতন হওয়ায় ছেলেটির মন খারাপ।’
ওই বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ঘন ঘন হরতালের কারণে শিক্ষকেরা সিলেবাস শেষ করতে পারছেন না।