হরতালের কারণে শুনানি হয়নি পাঁচ কার্যদিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে গত পাঁচটি কার্যদিবসে ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি হয়নি। সর্বশেষ গতকাল বুধবার এই মামলার শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলার কার্যক্রম পিছিয়ে দেন। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান ২৪ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এর আগে হরতালের কারণে গত ১৮ ফেব্রুয়ারি এবং ৩, ৪ ও ১২ মার্চ ধার্য তারিখে মামলার শুনানি হয়নি। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি এবং ৩ ও ৪ মার্চ জামায়াত ইসলামী হরতাল ডেকেছিল। আর, গত ১২ মার্চ হরতাল আহ্বান করে ১৮ দলীয় জোট। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে ইসলাম আজ (বুধবার) চট্টগ্রামে হরতাল আহ্বান করেছিল। গত মঙ্গলবার রাতে হরতাল স্থগিত করা হয়। হরতাল হতে পারে, এমন আশঙ্কায় মঙ্গলবার বিকেলেই সাক্ষী ফিরে গেছেন। তাই শুনানি হয়নি। আদালত ২৪ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।’ এ মামলার সর্বশেষ শুনানি হয় গত ১৭ ফেব্রুয়ারি।