হরতালের কারণে ২০ লাখ লিচু পচে যাওয়ারআশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা আগামীকাল রোববারের হরতালের কারণে দিনাজপুরে ২০ লাখ লিচু পচে যাওয়ার আশঙ্কা করছেন লিচুবাগানের মালিক ও ব্যবসায়ীরা।

দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক সাইখুল আরেফিন প্রথম আলোকে বলেন, দিনাজপুরে মোট এক হাজার ৩৫৬ হেক্টর জমিতে লিচুবাগান আছে। এখন লিচুর ভরা মৌসুম চলছে। বর্তমানে বাজারে মাদ্রাজি ও বেদানা জাতের লিচু উঠেছে। অত্যন্ত পচনশীল এই ফল পাকার পর সময়মতো না তুললে গাছ থেকে ঝরে পড়বে। এ অবস্থায় এক দিন লিচু না তোলা হলে লাখ লাখ লিচু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সদর উপজেলার সৈয়দপুর গ্রামের লিচুবাগানের মালিক আবদুল আহাদ বলেন, মাদ্রাজি ও বেদানা দুই ধরনের লিচুই পেকেছে। প্রতিদিন গড়ে পাঁচ হাজার করে লিচু বিক্রি করা হচ্ছে। রোববার হরতালের কথা শুনে ঢাকার ব্যবসায়ীরা তাঁদের চাহিদা (অর্ডার) বাতিল করেছেন। লিচু কিনতে এসেছেন ঢাকার মিরপুরের ফল ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। তিনি জানান, দিনাজপুর থেকে প্রতিদিন কমপক্ষে ১০ লাখ লিচু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কিন্তু হরতালের ঘোষণা লিচু ব্যবসায়ীদের চরম হতাশায় ফেলেছে।

শহরের কালীতলা এলাকায় ঢাকাগামী নাবিল পরিবহন, শ্যামলী, হানিফ পরিবহনসহ দূরপাল্লার কোচ সার্ভিসগুলোর স্থানীয় এজেন্টরা জানান, দিনরাতে কমপক্ষে ২০ হাজার ঝুড়ি লিচু কোচসহ বিভিন্ন যানবাহনে বাইরের জেলায় যায়। হরতালের কারণে শনিবার রাত ১০টার পর থেকে রোববার সারা দিন কোনো লিচু পরিবহন করা হবে না। এর ফলে লিচুর সঙ্গে পরিবহনব্যবসারও বিশাল ক্ষতি হবে।