হরতালের ক্ষতি পোষাতে ছুটির দিনেও স্কুল খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও তাদের ছুটি নেই। অন্য দিনের মতো বইখাতা নিয়ে ছুটে গেছে স্কুলে। যাওয়ার পথে গাড়িতে বসেই বই খুলে মনোযোগ দিয়ে পড়ছে কেউ কেউ। স্কুলে নামিয়ে দিতে গেছেন বাবা কিংবা মা।গতকাল শুক্রবার সকালে এ দৃশ্য দেখা যায় নগরের জামাল খানের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে। অভিভাবক সিরাজুল হোসেন জানালেন, ‘মেয়ের পরীক্ষা, তাই ওকে নামিয়ে দিতে এসেছি। বুধবার হরতালের কারণে পরীক্ষা হয়নি। সেটিই নেওয়া হচ্ছে আজ।’ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান জানান, গতকাল বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম ছিল, তবে বুধবার হরতালের কারণে বন্ধ থাকা পঞ্চম শ্রেণীর পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবারের পরীক্ষা নেওয়া হবে আজ শনিবার। পাশাপাশি বিদ্যালয়ের নিয়মিত শ্রেণী কার্যক্রমও চলবে।গতকাল খোলা ছিল নগরের দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ও। বিদ্যালয়ের সামনে ছিল শিক্ষার্থীদের জটলা এবং রাস্তায় ছিল যানজট। আর ভেতরে চলছিল অন্য দিনের মতো নিয়মিত পাঠদান কার্যক্রম।বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেঁজুতি বলেছে, ‘বুধ-বৃহস্পতিবার হরতালের ক্ষতি পুষিয়ে নিতেই শুক্রবার আমাদের ক্লাস নেওয়া হয়েছে।’অভিভাবকেরা বন্ধের দিনে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু রাখার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিমত, ঘন ঘন হরতালের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলে বাচ্চারা ঘরে বই নিয়ে বসতে চায় না। শুক্রবার শ্রেণী কার্যক্রম চালু হওয়ায় বাচ্চারা বইয়ের দিকে মন দেবে।বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নাজনীন হক প্রথম আলোকে বলেন, ‘আমরা শুক্রবার দিন বুধবারের রুটিনে ক্লাস নিয়েছি। আসলে হরতালের দিনের ঘাটতি পোষাতেই আমাদের ছুটির দিনে ক্লাস নিতে হচ্ছে, যাতে সময়মতো পাঠ্যসূচি শেষ করা যায়।’