হরতালের ক্ষতিপূরণ আদায়ে নতুন আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হরতালের ক্ষতিপূরণ আদায়ে নতুন আইন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘হরতালে যারা মৃত্যুবরণ করেছে, তাদের দায়ভার হরতাল আহ্বানকারীদের নিতে হবে। খুব শিগগির হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে ৩০২, ৩০৪ ও ৩০৭ ধারায় মামলা করা হবে।’ বিরোধী দলের কঠোর কর্মসূচির হুমকির প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের নৈতিকতাবিরোধী ও অবৈধ হরতাল জনগণ প্রত্যাখ্যান করায় তারা আবার জনগণের বিরুদ্ধে গিয়ে নতুন করে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতাল এ উপমহাদেশে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহূত হয়ে আসছে। মহাত্মা গান্ধী এর প্রথম ব্যবহার করেন। তিনি যখন দেখেছেন এ হরতাল জনগণের বিরুদ্ধে যায়, তখন তা প্রত্যাহার করেছেন। আজকের বিরোধী দল জনমতের বিরুদ্ধে গিয়ে ধ্বংসযজ্ঞের এ হরতাল পালন করছে।
আলোচনা সভায় মহীউদ্দীন খান আলমগীর বলেন, জাতীয় চার নেতাকে যাঁরা হত্যা করেছেন, ‘সেই কুচক্রীরাই আজ ৭ নভেম্বর পালন করছেন। বঙ্গবন্ধুর খুনিরাই চার নেতাকে হত্যা করেছেন। বঙ্গবন্ধু ও চার নেতার হত্যাকারীদের যাঁরা পুরস্কৃত করে নিজেদের এ দেশের হিতৈষী দাবি করেন, তাঁদের প্রতি আমাদের ঘৃণা।’
মন্ত্রী আরও বলেন, ‘চার নেতা বুকের তাজা রক্ত দিয়ে এ দেশের মাটিকে উর্বর করে গেছেন। এ কলঙ্ক, এ লজ্জা প্রজন্মের পর প্রজন্ম বহন করতে হবে। এ দেশের মানুষ এ কুচক্রীদের কোনো দিন ক্ষমা করবে না।’
বাংলাদেশ আওয়ামী ফোরাম আয়োজিত স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের সভাপতি এমরান চৌধুরী প্রমুখ।