হরতালের ঝুঁকিতে এইচএসসি পরীক্ষা, উদ্বিগ্ন পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কবলে পড়তে যাচ্ছে। এতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সময়মতো পরীক্ষা শেষ হবে কি না, তা নিয়ে শিক্ষা প্রশাসনও চিন্তিত। শুধু এইচএসসি পরীক্ষাই নয়, ঘন ঘন হরতালের কারণে পুরো শিক্ষাব্যবস্থাই হুমকির মুখে পড়েছে। ক্লাস-পরীক্ষা পিছিয়ে গিয়ে তীব্র সেশনজটের কবলে পড়ছে লাখ লাখ শিক্ষার্থী। অনেক প্রতিষ্ঠান বন্ধের দিনে ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে।এ অবস্থার মধ্যেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের অনেকেই আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষার সময়ে হরতাল না দিতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।আগামী ১ এপ্রিল শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ২৮ মে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী সাড়ে নয় লাখের বেশি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন থেকে পরীক্ষার সময়ে হরতাল না দিতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবেন। প্রধান বিরোধী দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, এইচএসসি পরীক্ষাতেও তারা আন্দোলনে কোনো ছাড় দেবে না। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের সূত্রগুলো বলছে, এইচএসসি পরীক্ষার সময়েও হরতালের মতো কর্মসূচি থাকতে পারে। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দুই দিনের হরতালে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণের কাজ বিঘ্নিত হচ্ছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আসা চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম এ প্রতিবেদককে বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২৫ থেকে ২৮ মার্চের মধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু ২৭ ও ২৮ মার্চ হরতালের কারণে বিঘ্ন ঘটছে।অভিভাবক ঐক্য ফোরামের চেয়ারম্যান জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে পুরো শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষা সামনে নিয়ে আমরা অভিভাবক ও পরীক্ষার্থীরা উদ্বেগের মধ্যে আছি। তাই পরীক্ষার সময়সূচির মধ্যে হরতাল না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষার মধ্যে হরতাল দেওয়ার বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন এবং গভীরভাবে মর্মাহত। কারণ, নতুন প্রজন্মকে একটা সমস্যার মধ্যে ফেলে দেওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা কোনো দলের নয়, তারা আমাদের সবারই সন্তান। তাই সংশ্লিষ্টদের অনুরোধ করব, তাঁরা যেন পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মসূচি দেন।’এদিকে কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পরীক্ষার সময় হরতাল না দেওয়ার অনুরোধ জানাবে।