হরতালের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যে গতকাল বুধবার সিরাজগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়-সংলগ্ন এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে থেমে থাকা বাস ও পুলিশের ভাড়া করা পিকআপ ভ্যানকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজন নিহত ও অন্য তিনজন আহত হন। নিহত তিনজন হলেন সিরাজগঞ্জের পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আবদুল বাসেদ (৪০), পিকআপের চালক মফিজুর রহমান (৩০) ও বাসের চালক (পরিচয় পাওয়া যায়নি)। আহত তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার মুন্সেফবাজার এলাকায় গতকাল ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রিয়তোষ মিত্র (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া (কক্সবাজার): জেলার চকরিয়া উপজেলায় গতকাল পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হন। দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং ইনানী রিসোর্ট এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে বসে থাকা লোকজনকে চাপা দেয়। এতে মঞ্জুর আলম (৬০) নামের এক ব্যক্তি নিহত ও অন্য দুজন আহত হন। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন মহাসড়কটির জিদ্দা বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন চারজন।
ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার আহসাননগরে সকালে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ইঞ্জিনচালিত ভ্যানের চালক সাহাজ আলী (৪৫) ও অজ্ঞাতনামা একজন নিহত হন। এ ছাড়া আহত হন আরেক ব্যক্তি।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় বিকেলে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেলচালক। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার শ্যামসুন্দরপুর গ্রামে বেলা ১১টার দিকে পুলিশ সদস্যদের বহনকারী ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ইজিবাইকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত পাংশা থানার পাঁচ পুলিশ সদস্যকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।