হরতালের নামে কোনো নাশকতা, অরাজকতা এবং অপরাধ তৎপরতা চালানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও কমিউনিটি পুলিশ সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে টাঙ্গাইলের ভাসানী হলে কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজি বলেন, সরকার ধর্মীয় জঙ্গিবাদ দমনে পুলিশকে সর্বাধিক গুরুত্ব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে। এ সময় তিনি জঙ্গিবাদ দমন, মাদকের অপব্যবহার ও সন্ত্রাসীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।জেলা কমিউনিটি পুলিশের সভাপতি শওকত আলী তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত আইজি মো. মোখলেছুর রহমান, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগকে সহযোগিতা দেওয়ায় ১৪ জনকে ‘পুলিশ পদক’ দেওয়া হয়।