হরতালের নামে জ্বালাও পোড়াও সমর্থনযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিএনপির নেতা ও সাবেক সাংসদ ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, এমন দাবি করে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে হরতালের নামে প্রাণহানি বা জ্বালাও-পোড়াও সমর্থনযোগ্য নয়।‘দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের বাসিন্দাদের বিদ্যমান মানবাধিকার অবস্থা’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান এ কথা বলেন। গতকাল রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিজানুর রহমান বলেন, রাজনৈতিক দল দাবি আদায়ের জন্য হরতালের পরিবর্তে অন্য যেকোনো কর্মসূচি দিলে তা অন্যের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি সৃষ্টি করবে না। এতে রাজনৈতিক সহিংসতার পরিবর্তে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে। মিজানুর রহমান আরও বলেন, ইলিয়াস আলীকে গুম বা নিখোঁজের ঘটনায় বিভিন্ন রকম পরস্পরবিরোধী তথ্য-উপাত্ত পাওয়া গেলেও এ ঘটনার সঙ্গে রাষ্ট্রযন্ত্র বা সরকার জড়িত আছে, এমন তিনি মনে করেন না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বিভিন্ন সময় সীমান্তে বাংলাদেশি হতাহতের বিষয়ে মিজানুর রহমান বলেন, বাংলাদেশ এসব ঘটনায় প্রতিবাদ জানালে ভারতীয়রা এমন আর ঘটবে না বলে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে। তার পরও এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটাই হচ্ছে বাস্তব সত্য। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব তাজুল ইসলাম চৌধুরী, লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান প্রমুখ।