আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গতকাল সোমবারও চট্টগ্রামে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিরোধী দল হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বোমা মেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্যই বিএনপি ইলিয়াস আলীর অপহরণ নাটক করছে। গতকাল সোমবার বেলা ১১টায় নগরের দোস্ত বিল্ডিং এলাকায় হরতালবিরোধী সমাবেশে নেতারা এই অভিযোগ করেছেন। আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম বিএসসি সমাবেশে বলেন, ‘বিরোধী দল হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি যাঁদের হত্যা করেছে, তাঁদেরও পরিবার আছে। ইলিয়াস আলীর চেয়ে তাঁদের জীবনের মূল্য কম নয়। যুদ্ধাপরাধীর বিচার বানচালের জন্যই বিএনপি ইলিয়াস আলীর অপহরণের নাটক সাজিয়েছে। বিএনপি-জামায়াতকে আর ছাড় দেওয়া যায় না।’ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের নেতা মাহবুব মিন্টু, জামশেদুল আলম চৌধুরী, তারেক সোলায়মান সেলিম প্রমুখ। সমাবেশ শেষে হরতালবিরোধী একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এদিকে গতকাল সোমবার বিকেলে নগরের দারুল ফজল মার্কেট চত্বরে হরতালবিরোধী সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।