হরতালের নামে বিশৃঙ্খলা প্রতিহত করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। গতকাল রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় দলীয় নেতারা এ ঘোষণা দেন। আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নির্বাচন কমিশন অভিমুখে বিএনপি পদযাত্রা দিয়ে বাংলামোটর পর্যন্ত না যেতেই হাঁপিয়ে উঠেছিল। তাই বাড়িতে বসে থাকার জন্য হরতাল ডেকেছে। তবে হরতালের নামে দুর্ভোগ জনগণ মেনে নেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা এগিয়ে যাবেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সরকার ও সরকারি দলের নেতা-কর্মীদের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। হরতাল দিয়ে কেউ যদি উন্নয়নে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের প্রতিহত করা হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘হরতালের নামে অরাজকতা সৃষ্টি, জ্বালাও পোড়াও, জনগণের ওপর আঘাত করা হলে আমরা সহ্য করব না।’