মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, হরতালের নামে মানুষকে জিমিঞ্চ করে জামায়াত-শিবির সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। কিন্তু এই হরতালের নাম করে মানুষ মেরে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না। এর জবাব আওয়ামী লীগ দেবে।
গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজের দ্বিতল একাডেমিক ভবন ও কামারপাড়া সিদ্দিকা শাহজাহান বালিকা উচ্চবিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কী অপরাধ ছিল ইটভাটার শ্রমিক মাসুদের? হরতালের মধ্যে টাকা নিতে বোনের কাছে যাচ্ছিল সে। পথে তাকে জামায়াত-শিবিরের কর্মীরা বেদম পিটিয়ে হত্যা করে।’ তিনি বলেন, দেশের নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টিকারীদের কীভাবে দমন করা যায়, তা বর্তমান সরকার জানে। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করে অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।