দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ নস্যাৎ করতে হরতাল ও অবরোধের নামে যারা দেশজুড়ে ত্রাস, বিশৃঙ্খলা আর তাণ্ডব সৃষ্টি করে চলেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।বুধবার রাতে দিনাজপুরের খানসামার পাকেরহাটে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।ত্রাণমন্ত্রী বলেন, যেসব যুদ্ধাপরাধীর বিচারকাজ চলছে, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বিভিন্ন জনসভায় বলছেন, এরা নাকি কেউ যুদ্ধাপরাধী নয়। আসলে খালেদা জিয়ার মনে ভয় ঢুকেছে। যাদের শক্তিতে তিনি রাজনীতি করছেন, ক্ষমতায় এসেছিলেন, তারা সঙ্গে না থাকলে বিএনপির রাজনীতি যে শেষ হয়ে যাবে।খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মো. আবদুল জব্বারের সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী, জাসদের সভাপতি মোহাম্মদ আলী শাহ্ প্রমুখ বক্তব্য দেন।