সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে গতকাল শনিবার দিনভর পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা গতকাল ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করে।গতকাল নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত নগর বিএনপির সমাবেশে চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম, বিএনপির কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন ও মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মীর নাছিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার বাকশালী কায়দায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এর পরিণতি কখনো ভালো হবে না। জনগণ এর সমুচিত জবাব দেবে। আজকের হরতাল সফল করতে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান বক্তারা।চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিও হরতালের সমর্থনে নাসিমন ভবনের কার্যালয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সহসভাপতি ছালাহউদ্দিন, যুগ্ম সম্পাদক বেলায়েত হেসেন, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ, শাহাদাত ওসমান প্রমুখ। এদিকে আজ রোববার হরতাল ডাকার প্রতিবাদে আওয়ামী লীগ দলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। এতে বিএনপির সমালোচনা করে বক্তারা বলেন, বেগম জিয়ার বাড়ি ও সম্পদ রক্ষার জন্য বিএনপি হরতাল ডেকেছে। এতে ঘরমুখো মানুষ এবং জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীরা জিম্মি হয়ে পড়েছে।মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাংশ সন্ধ্যায় নগরে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করে। নগরের আন্দরকিল্লা থেকে একটি মিছিল জামাল খান সড়ক ও চট্টগ্রাম প্রেসক্লাব ঘুরে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ ও বিজয় কুমার চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, ঈদের আগ মুহূর্তে হরতাল ডেকে বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।