হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা গতকাল রোববারের হরতালের পক্ষে-বিপক্ষে রাজধানীতে বিভিন্ন সংগঠন মিছিল ও সমাবেশ করেছে। কোনো কোনো সংগঠন বিবৃতির মাধ্যমে ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার ওপর হামলার নিন্দা জানিয়েছে।হরতাল সফল করায় ঢাকাবাসীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খেলাফত মজলিসের নেতারা। তাঁরা সাদেক হোসেন খোকার ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানান। হরতাল চলাকালে মহাখালীতে তিতুমীর কলেজে ছাত্রদলের মিছিলে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের হামলার নিন্দা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতারা এক বিবৃতিতে বলেছেন, জনগণের আন্দোলন প্রতিহত করতে সরকার পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে।জাতীয় শ্রমিক লীগ হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করেছে। সমাবেশে অভিযোগ করা হয়, বিএনপি পরিকল্পিতভাবে একাত্তরের মানবতার শত্রু যুদ্ধাপরাধীদের বাঁচাতে এবং দেশের সম্পদ লুটপাটকারীদের রক্ষা করতে এই হরতাল ডেকেছে।বাংলাদেশ ছাত্রলীগ হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে গতকালের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করে বক্তারা ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।হরতাল উপেক্ষা করে গাড়ি চলাচল অব্যাহত রাখা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা সড়ক পরিবহন সমিতির নেতারা।এ ছাড়া হরতালের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি, আওয়ামী যুব আইনজীবী পরিষদ, লালবাগ থানা আওয়ামী লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ প্রভৃতি সংগঠন।