হরতালের পক্ষে বিপক্ষে মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দলগুলোর ডাকা দুই দিনের হরতালের পক্ষে ও বিপক্ষে গতকাল শনিবার রাজধানীতে মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংগঠন সংবাদ সম্মেলন ও বিবৃতির মাধ্যমে হরতালের পক্ষে-বিপক্ষে অবস্থান প্রকাশ করেছে। ইসলামি ও সমমনা ১২টি দল গতকাল হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে নগরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস মুছে ফেলে সরকার মুসলমানদের ঈমান হনন করেছে। ঈমান রক্ষার তাগিদেই হরতাল সফল করতে হবে। এর আগে রাজধানীর একটি হোটেলে হরতাল সফল করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাওলানা আবদুর রব ইউসুফী। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ন্যাপ (ভাসানী) এবং কওমী মাদ্রাসা ছাত্র পরিষদের নেতারা পৃথক বিবৃতিতে হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে হরতালের নামে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ গতকাল রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত হরতালের নামে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। ব্যক্তিবিশেষকে রক্ষার জন্য অযৌক্তিক হরতাল জনগণ সমর্থন করে না। সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, এম এ করিম, অরুণ সরকার, হুমায়ুন কবীর প্রমুখ।এ ছাড়া জাতীয় শ্রমিক লীগ, আওয়ামী ওলামা লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রভৃতি সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে হরতালের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁরা হরতাল প্রত্যাখ্যান করে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবহনের শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।