হরতালের পক্ষে-বিপক্ষে সভা আহ্বান, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গতকাল রোববার আওয়ামী লীগ ও বিএনপি হরতালের পক্ষে-বিপক্ষে সভা আহ্বান করে। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। শেষ পর্যন্ত বিএনপি সফিপুর বাজারে সভা ও মিছিল করতে পারেনি। অপরদিকে আওয়ামী লীগ সেখানে লাঠিমিছিল বের করে।দলীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে গতকাল বিকেলে হরতালের পক্ষে সফিপুর বাজারে সভা ও মিছিলের আহ্বান করে। কিন্তু উপজেলা আওয়ামী লীগ বিএনপিকে প্রতিহত করতে একই স্থানে হরতালের বিপক্ষে মিছিল ও সভার আয়োজন করে। আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিকেলে লাঠিসোঁটা নিয়ে সফিপুর বাজারে মিছিল বের করলে চরম উত্তেজনা বিরাজ করে। অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার কারণে বিএনপির নেতা-কর্মীরা উপজেলার চন্দ্রা (পল্লী বিদ্যুৎ) এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, বাধার মুখে বিএনপির নেতারা অন্য এলাকায় সংক্ষিপ্ত সভা শেষ করে চলে যাওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।