হরতালের পর ঈদের বাজারে ক্রেতাদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিনের হরতালের পর গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে ঈদের বাজারে ভিড় দেখা গেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এখনো তাঁদের মধ্যে হরতাল আতঙ্ক বিরাজ করছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউমার্কেট ও শহীদ সাটু হল মার্কেটে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। নিউমার্কেটের সুতরাং গার্মেন্টসের মালিক মো. জিয়া জানান, টানা চার দিন হরতালের পর আজই প্রথম ঈদের বাজার বলে মনে হচ্ছে। এর আগে সন্ধ্যার পর দোকান খোলা থাকলেও ভয়ে ক্রেতারা বাজারে আসেননি। এতে বিক্রিও অনেক কম হয়েছে। শহীদ সাটু হল মার্কেটের মা গার্মেন্টসের মালিক আজিজুর রহমান বলেন, ‘আজই (শুক্রবার) ঈদের বাজারের মতো বিক্রি করতে পেরেছি। কিন্তু শুনেছি, আবারও রোজার মধ্যে একাধিক হরতাল আহ্বান করা হতে পারে। এ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। এ পর্যন্ত গতবারের তুলনায় ১০ ভাগের এক ভাগও বিক্রি করতে পারিনি।’ কলেজ পড়ুয়া দুই মেয়েকে নিয়ে ঈদের বাজারে এসেছিলেন স্কুলশিক্ষক সুলতানা রাজিয়া। তিনি বলেন, ‘মেয়েরা অনেক বায়না করলেও হরতালের কারণে এর আগে বাজারে আসতে পারিনি। আজই প্রথম এলাম।’