হরতালের পরিবর্তে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে এই কর্মসূচি ঘোষণা করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমরা কঠোর কর্মসূচির মধ্যে আছি। এই প্রেক্ষাপটে হরতাল আসাই বাস্তবতা ছিল। কিন্তু সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলে হরতালের পরিবর্তে প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত হয়েছে।’ইলিয়াস আলীসহ বিরোধী দলের গুম হওয়া নেতাদের সন্ধান দিতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিরোধী দলের নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ করা হবে।গতকালের জোটের বৈঠকের একটি সূত্র জানায়, নাঙ্গলবন্দের পুণ্যস্নান উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অনুরোধের কারণে এ সপ্তাহে হরতাল দেওয়া হয়নি। তবে, আগামী সপ্তাহে হরতাল কর্মসূচি আসতে পারে। গতকালের ১৮ দলের বৈঠকে ২২ এপ্রিল থেকে টানা তিন দিন অথবা ২৩ ও ২৪ এপ্রিল টানা ৩৬ ঘণ্টার হরতাল ডাকার বিষয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে হরতালের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।এর আগে ১১ এপ্রিল রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় ১৭ ও ১৮ এপ্রিল আবার দেশব্যাপী হরতাল ডাকার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল বলে তখন খবর বের হয়।গতকাল সংবাদ ব্রিফিংয়ে খন্দকার মোশাররফ বলেন, বিএনপির পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি না থাকলেও পত্রপত্রিকায় বলা হচ্ছিল, ১৭ ও ১৮ এপ্রিল হরতাল আসতে পারে। এরপর হিন্দু সমাজের নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিলেন, এই দুই দিন তাঁদের নাঙ্গলবন্দের পুণ্যস্নান অনুষ্ঠান রয়েছে। এই বিবেচনায় হরতালের পরিবর্তে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, পরবর্তী কর্মসূচির বিষয়ে পরে আবার জানানো হবে।বৈঠকে বিএনপির পক্ষ থেকে খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা, জামায়াতে ইসলামীর রেদওয়ান উল্লাহ শাহিদী, ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, এলডিপির রেদওয়ান আহমেদসহ জোটের অন্যান্য শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।